দৌলতপুরে গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি
দৌলতপুর (কুষ্টিয়) প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২২ নভেম্বর) উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি (নলুয়ার মোড়) এলাকায় গভীর রাতে গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ৪ লাখ টাকা লুট করে নিয়ে গেছে একদল অস্ত্রধারী ডাকাত।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ তানিয়া জাহান হ্যাপী (৩৮) শনিবার দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, শুক্রবার দিনগত রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার শেষে ঘুমিয়ে পড়লে রাত ১টা ৩০ মিনিটের দিকে বাথরুমে গেলে চারজন মুখোশধারী দুর্বৃত্ত তার মুখ চেপে ধরে গামছা দিয়ে মুখ বেঁধে ফেলে। পরে ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে তাকে বাড়ির পিছনে বাঁশঝাড়ে টেনে নিয়ে যায়।
হ্যাপী অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাকে হত্যা করার হুমকি দিয়ে বলে ব্যাংক থেকে যে টাকা তুলেছেন, সে টাকা কোথায় রেখেছেন তা জানাতে। তিনি অস্বীকার করলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে প্রাণের ভয়ে তিনি জানাতে বাধ্য হন যে টাকা বাড়ির গোয়াল ঘরে রাখা। পরবর্তীতে তিনজন দুর্বৃত্ত সেখানে গিয়ে তার ভ্যানিটি ব্যাগে রাখা ৩ লাখ ৫০ হাজার টাকা এবং বাড়িতে জমা রাখা আরও ১ লাখ টাকা মোট ৪ লাখ ৫০ হাজার টাকা লুট করে নেয়।
লুটপাটের পর দুর্বৃত্তরা তাকে বাড়ির পাশের ড্রেনের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তার ডাক চিৎকারে স্বামীসহ স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান লিটন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। দৌলতপুর থানার একটি টিম ঘটনাস্থলে গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































